ডেস্ক রিপোর্ট::
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা তৈরি হয়েছে। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবেন এবং নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। তিনি আদালতকে জানান, মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির বিষয়টি আইনগতভাবে বহাল রয়েছে।
এর আগে বিচারপতি একেএম রবিউল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করার আদেশ দেন। তবে ওই আদেশের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে তা স্থগিত করা হয়।
এদিকে কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।
চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী সমীকরণে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
