Thursday, 16 April, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী::
মহেশখালী উপজেলার শাপলাপুর থেকে ছোট মহেশখালী সড়কে টমটম গাড়ির দুর্ঘটনায় মিনহা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহা ছোট মহেশখালীর উত্তর কুল এলাকার সিকদার পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনছার করিম ও খালেদা বেগমের একমাত্র কন্যা বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশুটি সড়কের পাশ দিয়ে চলাচল করছিল। এ সময় দ্রুতগতির একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

ঘটনাটি দেখে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শোকের আবহ নেমে আসে। শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে মাতম। কান্নায় ভেঙে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরা। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শাপলাপুর–ছোট মহেশখালী সড়কে টমটমসহ বিভিন্ন যানবাহন দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। সড়কটি তুলনামূলক সরু হলেও নেই কোনো গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার বা সতর্কতামূলক সাইনবোর্ড। এর আগেও এই সড়কে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

স্থানীয়রা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ, অবৈধ ও অনিয়ন্ত্রিত টমটম চলাচল বন্ধ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version