নিজস্ব প্রতিবেদক ::
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে কক্সবাজার-২ আসনের অ্যাম্বেসাডার হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপ-কমিটির প্রধান সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত প্যাডে বুধবার (২৮ জানুয়ারি) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব প্রদান করা হয়।
নিয়োগপত্র অনুযায়ী, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনসচেতনতা সৃষ্টি, প্রচারণা কার্যক্রম সমন্বয় এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে জনমত গঠনে ভূমিকা পালন করবেন।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন বলেন, গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। তিনি গণতন্ত্র ও নাগরিক অধিকারকে শক্তিশালী করতে সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এনসিপি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সংসদীয় আসনে পর্যায়ক্রমে অ্যাম্বেসাডার নিয়োগের মাধ্যমে গণভোটকেন্দ্রিক কার্যক্রম আরও জোরদার করা হবে।
