Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক::
হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী (রহ.)-এর ২৬তম বার্ষিক ফাতিহা ও ওরশ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে কুতুব শরীফ দরবারে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে ঘিরে দরবার প্রাঙ্গণে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতিবছর ১৯ ফেব্রুয়ারি ওরশ অনুষ্ঠিত হলেও, সামনে পবিত্র রমজান মাস থাকায় দরবার এন্তেজামিয়া কমিটির সিদ্ধান্তে এ বছর আয়োজনের সময় এগিয়ে আনা হয়েছে।

কুতুব শরীফ দরবারের পরিচালক শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী জানান, বার্ষিক ফাতিহা উপলক্ষে সীরাত মাহফিল, হামদ, নাত ও ক্বিরাত প্রতিযোগিতা বুধবার থেকেই শুরু হবে। ওরশের প্রধান আনুষ্ঠানিকতা শুক্রবার আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

তিনি আরও জানান, ফাতিহা ও ওরশ উপলক্ষে বিপুল সংখ্যক ভক্ত ও আশেকানের সমাগমের সম্ভাবনা রয়েছে। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার—এই তিন দিন কুতুব শরীফ দরবারে নারীদের আগমন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ওরশ উপলক্ষে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের অংশগ্রহণে কুতুব শরীফ দরবার প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version