নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে মাতারবাড়ীতে নির্বাচনী প্রচারণায় নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারদল, মহেশখালী উপজেলা শাখা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকেল থেকে মাতারবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাইবারদলের নেতাকর্মীরা ডিজিটাল প্রচারণার পাশাপাশি সরাসরি গণসংযোগ চালান। এ সময় তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনীতি, উন্নয়ন ভাবনা ও এলাকার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সাইবারদলের সাধারণ সম্পাদক জিয়াবুল হক জিয়া, মহেশখালী উপজেলা সাইবারদলের সভাপতি মোহাম্মদ হোছাইন, সহ-সভাপতি মোহাম্মদ রুবেল, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ের রাজনীতিতে সাইবার প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে সম্পৃক্ত করে ইতিবাচক রাজনীতির বার্তা পৌঁছে দিতে সাইবারদল সক্রিয়ভাবে মাঠে রয়েছে। তারা আরও বলেন, আলমগীর ফরিদ একজন পরীক্ষিত, জনবান্ধব নেতা। মহেশখালী ও কুতুবদিয়ার উন্নয়ন, কর্মসংস্থান ও মানুষের অধিকার রক্ষায় তিনি সবসময় সোচ্চার ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আগামী দিনগুলোতেও মাতারবাড়ীসহ পুরো মহেশখালী উপজেলায় ধানের শীষের পক্ষে সাইবার ও মাঠপর্যায়ের প্রচারণা আরও জোরদার করা হবে।
