Saturday, 13 June, 2026

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা জোরালো হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মামুনুল ইসলাম মামুন–এর নাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

মাতারবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয়দের একটি বড় অংশ আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মামুনুল ইসলাম মামুনকে দেখতে আগ্রহ প্রকাশ করছেন। অনেকেই মনে করেন, তরুণ নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা এবং স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হিসেবে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাকে বিভিন্ন সময় অংশ নিতে দেখা গেছে বলে এলাকাবাসী জানান।

স্থানীয়দের ভাষ্য, মামুনুল ইসলাম মামুন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এর আস্থাভাজন হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত। অনেকের মতে, কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি নির্বাচিত হলে মাতারবাড়ী ইউনিয়নের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সরকারি সহযোগিতা আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

পারিবারিকভাবে মামুনুল ইসলাম মামুন মাতারবাড়ী পুরান বাজারের স্বনামধন্য ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক সওদাগরের সন্তান। ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি হিসেবে এলাকাবাসীর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। স্থানীয় বাজার ও সামাজিক অঙ্গনে তার পরিবারের সুনামও রয়েছে বলে অনেকেই উল্লেখ করেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন চা-স্টল, বাজার ও সামাজিক আড্ডায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা ততই স্পষ্ট হয়ে উঠবে।

তবে এখন পর্যন্ত মামুনুল ইসলাম মামুন আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সময়মতো এ বিষয়ে তার অবস্থান পরিষ্কার হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version