এম.এ.কে রানা◾
পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মহেশখালীতে গাছের চারা বিতরণ ও পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুর ১২টায় মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মহেশখালী জনসুরক্ষা মঞ্চ ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশন (ইউএসএফ)-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের আগে বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় করণীয় বিষয়ে একটি বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিচ্ছন্ন পরিবেশ গঠনে নিজেদের ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়।
মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সভাপতি নুর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. নুরুন্নবী।
মহেশখালী জনসুরক্ষা মঞ্চের যুগ্ম সম্পাদক এবং উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মো. মহসিন, স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন, উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম এ হান্নান এবং মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সদস্য মোস্তফা বেগম।
এ সময় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের প্রত্যেককে নিজ নিজ এলাকায় অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

