এম.এ.কে.রানা◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং জরুরি সরকারি সহায়তার দাবিতে প্রধান সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৫ জুলাই) রাতে সড়কের ওপর গাছ ফেলে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে সাইরার ডেইল এলাকার জালিয়া পাড়া ও বাহির পাড়ার অসংখ্য বসতঘর সাগরে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুর্যোগের পরও কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজখবর নেননি। টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। অবরোধের কারণে সড়কটির উভয় পাশে যানবাহন আটকা পড়ে এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ দালিম বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)সহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি মোহাম্মদ আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে তিনি কক্সবাজারে অবস্থান করছেন। তাই ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত নন। তবে স্থানীয়দের টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিকে তিনি যৌক্তিক বলে মন্তব্য করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলমান ছিল এবং যান চলাচল স্বাভাবিক হয়নি।
