Thursday, 30 July, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকার গৃহবধূ কোহিনূর আকতার হত্যা মামলায় প্রধান আসামি হাশেমের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৮ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মোট ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের পিতা আবু বক্কর।

সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই মগডেইল এলাকায় গৃহবধূ কোহিনূর আকতারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তার পিতা আবু বক্কর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই প্রধান আসামি হাশেম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

নিহতের স্বজনদের আরও অভিযোগ, প্রধান আসামি হাশেমকে রক্ষা করতে এলাকার একটি প্রভাবশালী মহল বিভিন্নভাবে তদবির চালিয়ে যাচ্ছে এবং মামলার বাদী ও সাক্ষীদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ কারণে তারা নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

নিহতের পরিবার অবিলম্বে প্রধান আসামিকে গ্রেপ্তার, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এদিকে, মামলাটি দায়ের হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ ছাড়াই প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রধান আসামি হাশেমের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সোলতান জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version