Friday, 31 July, 2026

এম.এ.কে.রানা◾
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা কুতুব শরীফ দরবার শাহ্ মালেকিয়া কমিটি, মাতারবাড়ী ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য মো. ওয়াজ উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩১ জুলাই) পবিত্র জুমার দিন দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধলারবর পাড়ার বাসিন্দা আনোয়ারুল হক প্রকাশ (মুরব্বী)-এর জ্যেষ্ঠ পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. ওয়াজ উদ্দীন দীর্ঘদিন ধরে কিডনি ও জন্ডিসজনিত জটিল রোগে ভুগছিলেন। দেশে উন্নত চিকিৎসা গ্রহণ করলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পরিবারের অভিভাবক পিতার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার বড় ছেলে মো. ওয়াজ উদ্দীনের মৃত্যুতে পরিবারটি আবারও গভীর শোকের সাগরে নিমজ্জিত হয়েছে। অল্প সময়ের ব্যবধানে পরিবারের দুই সদস্যকে হারিয়ে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরাও এ ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।

তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে এসেছে। এলাকার সর্বস্তরের মানুষও গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয়দের ভাষ্য, ওয়াজ উদ্দীন ছিলেন অত্যন্ত সদালাপী, বিনয়ী ও ধর্মপ্রাণ একজন মানুষ। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version