নিজস্ব প্রতিবেদক::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ও প্রশাসনের বিএনপির প্রতি ঝুঁকে পড়ার যে অভিযোগ জামায়াত ও এনসিপি তুলেছে, সে বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো আছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কারও বা কোনো দলের যদি অভিযোগ থাকে, তাহলে তা নির্বাচন কমিশনের কাছে জানানো উচিত। তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। তিনি বলেন, নির্বাচন নিয়ে “হাওয়ার ওপর অভিযোগ” করা গণতান্ত্রিক চর্চার অংশ নয়। একে অপরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রথম দিককার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কবর জিয়ারতের পরিকল্পনা করেছেন। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করা হবে।
তিনি বলেন, এই কর্মসূচির আলোকে আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে তারেক রহমানের কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমদ ঢাকায় ফেরার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দরের পথে রওনা দেন।
