নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো এক কিশোর জেলে নিখোঁজ রয়েছেন।
নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে ও ট্রলারের মাঝি এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেড়ু। নিখোঁজ কিশোর জেলে হলেন একই এলাকার মাহামুল করিমের ছেলে মো. ফয়সাল (১২)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরার সময় হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে মাঝি-মাল্লাসহ মোট ১১ জন জেলে ছিলেন।
দুর্ঘটনার পর আটজন জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও তিনজন জেলে নিখোঁজ হন। পরে স্থানীয় জেলে ও স্বজনরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। ভোরের দিকে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও কিশোর জেলে মো. ফয়সাল এখনো নিখোঁজ রয়েছেন।
ট্রলারের মালিক মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ট্রলারটি নিয়মিতভাবে সাগরে মাছ ধরতে যায়। কী কারণে ট্রলারটি ডুবে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ জেলেকে উদ্ধারে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একজন কিশোর জেলে এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার কার্যক্রমের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
