বার্তা২৪ ডেস্ক::
কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারী) পরীক্ষা চলাকালে কক্সবাজার সিটি কলেজ ও দক্ষিণ খুরুশকুল কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রুপালি বাজারপাড়া এলাকার আক্তার আহমেদের ছেলে ফজলুল হক এবং কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের লুৎফার বাপের পাড়ার হাবিনুল মান্নানের স্ত্রী জেসমিন আক্তার। তারা দুজনই পরীক্ষার্থী ছিলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ইলেকট্রনিক ডিভাইস এবং একটি পুলিশের ব্যাগ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক দুজন পরীক্ষার্থী হলেও তারা প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য। আটকের পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্ট আইনে মামলার জন্য রাতে এজাহার দায়ের করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এজাহার গ্রহণ করা হয়েছে। মামলাটি রুজুর প্রক্রিয়া চলছে এবং আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
