Thursday, 16 April, 2026

এম.এ.কে.রানা::
দেশীয় লবণ শিল্প রক্ষা ও প্রান্তিক লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে লবণ আমদানির কঠোর সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

তিনি বলেন, “লবণ আমদানি থেকে অবিলম্বে সরে আসুন। অন্যথায় সরকারকে জনরোষের মুখে পড়তে হবে। দেশীয় লবণ চাষীদের বাঁচান, তাদের শ্রমের ন্যায্য দাম নিশ্চিত করুন।”

রবিবার (১১ জানুয়ারী) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, পর্যাপ্ত মজুত ও উৎপাদন মৌসুম চলমান থাকার পরও বিদেশ থেকে লবণ আমদানির সিদ্ধান্ত দেশীয় লবণ শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলীয় অঞ্চলের হাজার হাজার প্রান্তিক লবণ চাষী।

কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর ফরিদ বলেন, লবণ আমদানির নামে একটি স্বার্থান্বেষী মহল লাভবান হলেও চাষীরা সর্বস্ব হারাচ্ছেন। এই সিদ্ধান্ত অব্যাহত থাকলে আন্দোলন আরও জোরদার করা হবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লবণ চাষী, ব্যবসায়ী, তরুণ ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা দ্রুত লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল করে দেশীয় লবণ শিল্পের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Share.
Leave A Reply

Exit mobile version