নিজস্ব প্রতিবেদক::
জমকালো আয়োজনের মধ্যদিয়ে মাতারবাড়ীতে ইস্ট মগডেইল ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত ১০ টায় পূর্ব মগডেইল জামে মসজিদ সংলগ্ন মাঠে আতশবাজি ফুটানোর মধ্যে দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন এম.বি.কে.আর ইয়ুথ ডেভলপমেন্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পরেশ কান্তি শীল।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইস্ট মগডেইল ক্লাবের উপদেষ্টা সালাহউদ্দিন। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাধুলা একজন মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক দৃঢ়তা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম। যুবসমাজকে সুস্থ রাখতে এধরণের খেলার আয়োজন অনেক গুরুত্বপূর্ণ, আমরা সবসময় একটি সুস্থ যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
খেলাধুলা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে টুর্নামেন্টের দাতা মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আইনুল ইসলাম অন্তর বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতেই এই আয়োজন। আমরা সবসময় একটি সুস্থ যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। টুর্নামেন্টে মাতারবাড়ীর বিভিন্ন এলাকার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে।”
খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত দর্শকরা মনোমুগ্ধকর খেলাটি উপভোগ করেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় জয়েরধ্বনি স্পোর্টিং ক্লাব বনাম সাউথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব মুখোমুখি হয়। খেলায় সাউথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব ২-০ সেটে জয়লাভ করে।
