Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে জেল কোম্পানির ক্র্যাবসহ বিভিন্ন মালামাল মোটা অংকের কমিশনের বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক কর্মকর্তা মানিক পান্ডার বিরুদ্ধে। অভিযোগকে ঘিরে স্থানীয় ঠিকাদারদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সূত্র জানায়, প্রকল্প এলাকায় স্ক্রাবসহ কিছু মালামাল সরবরাহের কথা বলে মাতারবাড়ীর কয়েকটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সিকিউরিটি হিসেবে অর্থ আদায় করা হয়। কিন্তু পরবর্তীতে সেই মালামাল সংশ্লিষ্ট ঠিকাদারদের না দিয়ে সম্প্রতি প্রকল্পে নিষিদ্ধ এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ঠিকাদারদের দাবি, পুরো প্রক্রিয়াটি গোপনে এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও চাপে পড়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা মানিক পান্ডার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে অনিয়মের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

সচেতন মহলের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্ত এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।

Share.
Leave A Reply

Exit mobile version