নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের কর্মরত কর্মকর্তা মানিক পান্ডারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, প্রকল্পে প্রবেশ নিষিদ্ধ এক ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে তিনি কয়েক কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল টেন্ডার ছাড়াই গোপনে নিলাম দিয়েছেন।
জানা গেছে, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে জেল কোম্পানীর অধীনে বিভিন্ন মেশিন ও বিপুল মূল্যের মালামাল রয়েছে। নিয়ম অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা কোল পাওয়ারের অব্যবহৃত মালামাল প্রকাশ্যে টেন্ডারের মাধ্যমে নিলাম হওয়ার কথা, যাতে সরকার রাজস্ব পায় এবং স্বচ্ছতা বজায় থাকে। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে প্রকল্পে প্রবেশ নিষিদ্ধ মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকার এক ব্যক্তির সঙ্গে আঁতাত করে মানিক পান্ডার টেন্ডারবিহীনভাবে কয়েক কোটি টাকার মালামাল বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের আরও বলা হয়, ওই মালামাল প্রকাশ্যে টেন্ডারে দেওয়া হবে—এমন আশ্বাস দিয়ে তিনি স্থানীয় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন। পরে সেই মালামাল গোপনে অন্যত্র নিলাম দেওয়ায় ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এতে একদিকে জেল কোম্পানী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। টেন্ডারবিহীন মালামাল নিয়ে টানাটানি ও বিরোধের কারণে প্রকল্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ পরিস্থিতিতে দ্রুত কোল পাওয়ার কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় ঠিকাদাররা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মানিক পান্ডারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
