Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক ::
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত কক্সবাজার জেলা পর্যায়ের বাংলা রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গৌরব অর্জন করেছে মহেশখালী উপজেলার শিক্ষার্থী নওশিন আনজুমান রাফা।

প্রতিযোগিতায় কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সৃজনশীলতা, ভাষার শুদ্ধতা ও বিষয়বস্তুর গভীরতায় বিচারকদের নজর কেড়েছে রাফার রচনা। ফলাফল ঘোষণার পর তাকে প্রথম স্থান অর্জনকারী হিসেবে নির্বাচিত করা হয়।

রাফার এই সাফল্যে মহেশখালীতে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী তার কৃতিত্বে গর্ব প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, এই অর্জন শুধু রাফার ব্যক্তিগত সাফল্য নয়, বরং মহেশখালীর শিক্ষাক্ষেত্রের জন্যও একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

শিক্ষার্থী নওশিন আনজুমান রাফা

সফলতার অনুভূতি প্রকাশ করে নওশিন আনজুমান রাফা বলেন, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা ও পরিবারের উৎসাহই তাকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। ভবিষ্যতে আরও ভালো কিছু করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এদিকে স্থানীয় শিক্ষাবিদরা মনে করছেন, এমন সাফল্য নতুন প্রজন্মকে লেখালেখি ও সৃজনশীল চর্চায় আগ্রহী করে তুলবে এবং জাতীয় পর্যায়ে মহেশখালীর মুখ উজ্জ্বল করবে।

Share.
Leave A Reply

Exit mobile version