এম.এ.কে.রানা::
মাতারবাড়ীতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে মরহুম সাইফুল কাদের চৌধুরী স্মৃতি ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি–২০২৫। মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আপন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে ফাইনাল খেলার আনুষ্ঠানিক সূচনা হয়। মেগা ফাইনালে মুখোমুখি হয় সাইথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব ও সাহিলা ফুটবল একাডেমি। দুই দলের হয়েই মাঠে নামেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়, যা দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
খেলার প্রথমার্ধে দু’দলই একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধের শুরুতে সাইথ মগডেইল যুব উন্নয়ন ক্লাব প্রথম গোল করে এগিয়ে যায়। তবে কিছুক্ষণ পরই সাহিলা ফুটবল একাডেমি গোল শোধ করে সমতায় ফিরে আসে। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ম্যাচ শেষ হলে ফল নির্ধারণে গড়ায় ট্রাইব্রেকার।
ট্রাইব্রেকারে সাইথ মগডেইল যুব উন্নয়ন ক্লাবকে পরাজিত করে শিরোপা জয় করে সাহিলা ফুটবল একাডেমি ফুটবল দল।
খেলা শেষে আয়োজক কমিটির সদস্যরা অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরে টুর্নামেন্টের দাতা ইঞ্জিনিয়ার আপন চৌধুরী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিসহ নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা এবং রানারআপ দলের হাতে ট্রফিসহ নগদ ৮৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার আপন চৌধুরী বলেন, “এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা। মরহুম সাইফুল কাদের চৌধুরীর স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতি বছর এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে। স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমি সবসময় পাশে থাকতে চাই।”
মেগা ফাইনাল ঘিরে মাতারবাড়ীসহ আশপাশের এলাকার হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, যা স্থানীয় ফুটবলের প্রতি মানুষের আগ্রহেরই প্রতিফলন।
