আব্দুর রহমান রিটন::
মহেশখালী–কক্সবাজার নৌপথে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে মহেশখালী–কক্সবাজার নৌপথে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত মহেশখালী উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামের আকতার কামাল (প্রকাশ মেজর আকতার কামাল) কে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে, মহেশখালী নৌ-চ্যানেলে দুপুরে সংঘটিত ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় নিশ্চিত হয়েছে। নিহতের নাম নুর নাহার (প্রকাশ নাগু), বয়স ৪৮ বছর। তিনি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা গ্রামের বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর নাহার তার মামার জানাজায় অংশ নিতে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
