Friday, 17 April, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী।
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেছেন, “আঁই অনরার পোয়া হিসাবে বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষে উগ্গো উগ্গো ভোট দিয়্যন। এই ধানের শীষ শুধু উগ্গো প্রতীক নয়, ইবা মাইষের অধিকার, গণতন্ত্র ও মুক্তির প্রতীক।”

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় গণসংযোগ শেষে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উঠান বৈঠকে আলমগীর ফরিদ বলেন, দীর্ঘদিন ধরে মহেশখালী ও কুতুবদিয়া এলাকার মানুষ অবহেলা ও বৈষম্যের শিকার। বিদ্যুৎ, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “আপনারা আমাকে সুযোগ দিলে আমি সংসদে গিয়ে দ্বীপবাসীর ন্যায্য অধিকার জোরালোভাবে তুলে ধরব এবং উন্নয়নের রাজনীতি বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দ্বীপাঞ্চলের জীবনমান উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। যুবকদের কর্মসংস্থান, জেলেদের নিরাপত্তা, কৃষকদের ন্যায্য মূল্য এবং নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার। গণসংযোগকালে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্ট শোনেন এবং সমস্যার সমাধানে পাশে থাকার আশ্বাস দেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ মুরুব্বি ও বিপুল সংখ্যক নারী ভোটার অংশ নেন।

বৈঠক শেষে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ উপস্থিত সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

Share.
Leave A Reply

Exit mobile version