নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মাতারবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি এক প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, মহেশখালী–কুতুবদিয়ার উন্নয়ন, জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর ফরিদকে বিজয়ী করা জরুরি। বক্তারা বলেন, সাবেক এমপি আলমগীর ফরিদ তার রাজনৈতিক জীবনে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বিগত সময়গুলোতে সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে একটি গ্রহণযোগ্য ও জনগণের সরকার প্রতিষ্ঠা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
বৈঠকে যুবদল নেতারা বলেন, যুব সমাজই ধানের শীষের মূল শক্তি। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ, লিফলেট বিতরণ ও ভোটকেন্দ্রভিত্তিক সংগঠন গড়ে তোলার মাধ্যমে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলবেন।
উঠান বৈঠকে মাতারবাড়ী ইউনিয়ন যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
