Thursday, 16 April, 2026

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর হাউজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন এর নেতৃত্বে এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে মাতারবাড়ী ইউনিয়নের ১, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এসময় সঙ্গে ছিলেন তরুণ যুবনেতা কফিল উদ্দিন ও তরুণ যুবনেতা মো. ইমরানসহ অনেকেই।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থী আলমগীর মো. মাহফুজুল্লাহ ফরিদের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন। এ সময় তরুণ ভোটারদের উদ্দেশে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়।

ক্যাম্পেইন চলাকালে স্লোগানে মুখরিত হয় এলাকা। “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”,
“ভোট দিবো কিসে—ধানের শীষে”,
“১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন”,
“জনাব তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—
এমন স্লোগানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধানের শীষের পক্ষে জনমত ক্রমেই শক্তিশালী হচ্ছে। নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version