নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, দুইবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে বিজয়ী করার লক্ষ্যে মাতারবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাতারবাড়ী ইউনিয়ন ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তারা বলেন, কক্সবাজার-২ আসন দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানসহ মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ। দুইবারের সংসদ সদস্য হিসেবে আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ অতীতে এলাকার উন্নয়ন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং সংসদে জনগণের পক্ষে কথা বলার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, মাতারবাড়ীতে ঘরে ঘরে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অব্যাহত থাকবে। নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন তারা।
পথসভা শেষে ধানের শীষের পক্ষে স্লোগান, লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
