Saturday, 13 June, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী
শপথ গ্রহণ শেষে ঢাকা থেকে রাতে মহেশখালীতে ফিরেই বড় মহেশখালী নতুন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতেই বড় মহেশখালী নতুন বাজার এলাকায় উপস্থিত হয়ে তিনি স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নতুন দায়িত্ব গ্রহণের পর সরাসরি জনগণের কাছে গিয়ে তাদের কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন এমপি আলমগীর ফরিদ।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আলমগীর ফরিদ বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। মহেশখালী ও কুতুবদিয়ার মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায্য দাবির প্রশ্নে তিনি সংসদে সোচ্চার ভূমিকা রাখবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ শপথ শেষে দ্রুত এলাকায় ফিরে এসে তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন এবং আশা জানান, নতুন মেয়াদে মহেশখালী–কুতুবদিয়ার সার্বিক উন্নয়ন আরও গতি পাবে।

Share.
Leave A Reply

Exit mobile version