নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কক্সবাজার জেলা শাখার আওতাধীন মহেশখালী উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও মাতারবাড়ীর সন্তান সম্রাট মোহাম্মদ ছাদেককে বিশেষ সাংগঠনিক স্বীকৃতি ও সাফল্য সনদ প্রদান করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) জেলা জাসাসের আহ্বায়ক নাছির উদ্দিন এবং সদস্য সচিব আরাফাত সাইফুল (আদর) স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সনদে উল্লেখ করা হয়, মহেশখালী উপজেলায় জাসাসের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে সম্রাট মোহাম্মদ ছাদেক গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছেন। বিশেষ করে মাতারবাড়ী ইউনিয়নে শিক্ষক সমাজ, শিক্ষিত তরুণ এবং ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে তিনি যে ১২৭ সদস্যের একটি সুশৃঙ্খল ‘মডেল কমিটি’ গঠন করেছেন, তা জেলা জাসাসের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
জেলা নেতৃবৃন্দ মনে করেন, মাতারবাড়ী ও মহেশখালীর গণমানুষের আস্থাভাজন নেতা আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (এমপি) এর রাজনৈতিক দর্শন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সম্রাট মোহাম্মদ ছাদেক একজন দক্ষ ও বিশ্বস্ত সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
জেলা জাসাসের নেতারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব আগামী দিনে কক্সবাজার জেলায় জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এ বিষয়ে সম্রাট মোহাম্মদ ছাদেক বলেন, মাতারবাড়ীর মানুষ ও মাটির দোয়া এবং জেলা নেতৃবৃন্দের আস্থা তার কাজের সবচেয়ে বড় প্রেরণা। এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। তিনি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
