মহেশখালী প্রতিনিধি:
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে কোহেলিয়া নদী পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
“বাঁচাও নদী, বাঁচাও মানুষ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কোহেলিয়া নদী সংলগ্ন উত্তর নলবিলা আফজলিয়াপাড়া স্টেশন চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন বাপা মহেশখালী শাখার সদস্য জাহাঙ্গীর আলম, কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের, সাধারণ সম্পাদক ছপুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সরওয়ার, লবণ ব্যবসায়ী আবু আহমদ, মুছা আলীসহ জেলে, লবণ চাষী, পান চাষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, দখল ও ভরাটের কারণে মহেশখালীর গুরুত্বপূর্ণ কোহেলিয়া নদী আজ অস্তিত্ব সংকটে পড়েছে। এই নদীর সঙ্গে মহেশখালীর মানুষের জীবন-জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। প্রায় লক্ষাধিক মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস এই নদী। তাই কোহেলিয়া নদী রক্ষা ও পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি।
সভাপতির বক্তব্যে আমিনুল হক বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন ও পুনঃখনন কর্মসূচি পুনরায় বাস্তবায়নের কথা বলা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে দুটি করে খাল বা নদী বাছাই করার উদ্যোগের অংশ হিসেবে মহেশখালীতে কোহেলিয়া নদীকে পুনঃখননের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে জোর দাবি জানান তিনি।
বক্তারা দ্রুত কোহেলিয়া নদী দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
