Monday, 14 September, 2026

এম.এ.কে.রানা,মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলাতে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানটি পরিচালনা করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতানের নির্দেশনায় মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাহারুল ইসলাম। এ সময় তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা মো. করিম (২৭)কে গ্রেফতার করা হয়। তিনি ঐ এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পরে পুলিশের জিজ্ঞাসাবাদে করিম তার ঘরে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে ঘরের খাটের জাজিমের নিচ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) এবং লাল রঙের দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে অস্ত্র ও কার্তুজগুলো জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে The Arms Act, 1878 এর ১৯এ ও ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মহেশখালী থানায় মামলা নং–১৬, তারিখ ১৫ মার্চ ২০২৬ এবং জিআর নং–৭৪/২৬ হিসেবে রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

Exit mobile version