Wednesday, 29 July, 2026

এম.এ.কে.রানা::
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের গরিব, দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ১৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের প্রতিটি জাতীয় সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আওতায় কক্সবাজার জেলার চারটি জাতীয় সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের অসহায় মানুষের সহায়তায় ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী প্রকৃত গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে এ অর্থ বিতরণ করা হবে। একই সঙ্গে বিতরণ কার্যক্রম শেষে সঠিক হিসাব সংরক্ষণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে শিগগিরই এই অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সহায়তা প্রান্তিক ও অসহায় মানুষের ঈদ উদযাপনে কিছুটা স্বস্তি এনে দেবে।

Share.
Leave A Reply

Exit mobile version