এম.এ.কে.রানা,মহেশখালী।
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শাহ আলমের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ছোট আকারে আগুন দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। ফলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় সব কিছুই পুড়ে যায়।
খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে বালতি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে পুরো বসতঘরটি ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত শাহ আলম এর পুত্র ইকবাল জানান, “আগুন লাগার পর কিছুই বের করতে পারিনি। সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আছি।”
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় এলাকায় কোনো ফায়ার সার্ভিস ইউনিট উপস্থিত ছিল না। দ্রুত ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানো যেত বলে তাদের দাবি।
এ বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু হায়দার বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
