Thursday, 30 July, 2026

এম.এ.কে. রানা, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন কোহেলিয়া নদীর ওপর নির্মিত সেতুতে টোল আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ব্যাপক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া সিএনজি স্টেশন এলাকায় মহেশখালী বাপার সাধারণ সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় “আমরা মহেশখালীবাসী” ও “জন সুরক্ষা মঞ্চ”-এর ব্যানারে মানববন্ধনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাতারবাড়ি ও ধলঘাট অঞ্চলের মানুষ উন্নয়ন প্রকল্পের জন্য ইতোমধ্যে বসতভিটা, কৃষিজমি, লবণ মাঠ ও জীবিকার প্রধান উৎস হারিয়ে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কের সেতুতে টোল আরোপের উদ্যোগ সাধারণ মানুষের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করবে।

মানববন্ধনের সংগঠক রকিয়ত উল্লাহ বলেন, “একই ইউনিয়নে দুটি সেতুতে টোল আরোপের কোনো নজির নেই। এটি সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি-জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত বাতিল করা হোক।”

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, মহেশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু বলেন, “কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ সবাই এই সেতু ব্যবহার করে। টোল বসানো মানে তাদের দৈনন্দিন জীবনে বাড়তি চাপ সৃষ্টি করা, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু টোলের বিষয় নয়, এটি মানুষের অধিকার ও বাঁচার প্রশ্ন। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি, কিন্তু দাবি না মানলে আন্দোলন আরও জোরদার হবে।”

মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন খোকা বলেন, “রাষ্ট্রের বৃহৎ প্রকল্প বাস্তবায়নে আমরা আমাদের জমি-সম্পদ দিয়েছি। এখন যদি আমাদের নিত্যদিনের চলাচলেও টোল আরোপ করা হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

প্রধান আলোচক কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হোবাইব সজীব বলেন, “সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করে—এই প্রত্যাশা থেকেই বলছি, এমন জনবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”

জন-সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “প্রতিদিন এই সেতু দিয়ে শত শত শ্রমিক যাতায়াত করে। টোল বসানো হলে তাদের আয় কমে যাবে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশে আরও বক্তব্য দেন জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মো. মহসিন, জেলা কৃষকদল নেতা ফরিদুল আলম ফরিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উত্তরের সহসভাপতি হাফেজ আনসারুল করিম, পরিবহন শ্রমিক নেতা বাহাদুর আলমসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রুহুল বয়ান, সংবাদকর্মী মাওলানা আব্দুর রহমান, পরিবেশ ও মানবাধিকার কর্মী মাহাবুব আলম হান্নান, বাপা মহেশখালীর সদস্য ফখরুল ইসলাম, মাওলানা মোবারক আহমদ, সংশপ্তকের পরিচালক অগ্রদূত দাস গুপ্ত, ব্যবসায়ী তাইজুল ইসলাম খোকনসহ আরও অনেকে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে টোল আরোপের সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে জনগণের দুর্ভোগ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে নির্মিত আফজলিয়া পাড়া সেতুতে টোল আরোপের প্রক্রিয়া শুরু করেছে সড়ক বিভাগ। এ বিষয়ে সরেজমিন পরিদর্শনের জন্য কক্সবাজারের জেলা প্রশাসক ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর মহেশখালী সফরের কথা রয়েছে।

এ পরিস্থিতিতে টোল আরোপের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মহেশখালীর সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version