এম.এ.কে.রানা,মহেশখালী।
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা সুরক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি।
মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত এ বৈঠকে এমপি ফরিদ কুতুবদিয়া-মহেশখালীর ফোল্ডার নং ৬৯, ৭০ ও ৭১-এর আওতাধীন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোর বর্তমান করুণ অবস্থা তুলে ধরেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, জোয়ার-ভাটার তীব্রতা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এসব এলাকার বহু অংশ ভাঙনের মুখে রয়েছে। ফলে সামান্য জোয়ারেই পানি ঢুকে পড়ে বিস্তীর্ণ জনপদে, যার ফলে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকায় ব্যাপক ক্ষতি হচ্ছে।
এমপি আলমগীর ফরিদ বৈঠকে একটি ডিও লেটার প্রদান করে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি আরও উল্লেখ করেন, বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই আগাম প্রস্তুতি হিসেবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
বৈঠকে উপকূলীয় জনগণের দুর্ভোগ, ঘরবাড়ি হারানোর আশঙ্কা, লবণাক্ত পানির কারণে কৃষি ক্ষতি এবং জীবিকা সংকটের বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা হয়। স্থানীয় জনগণের দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
আলোচনা শেষে পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে আসন্ন এপ্রিল মাসের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে জরুরি কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা গেলে কুতুবদিয়া ও মহেশখালীর উপকূলীয় অঞ্চলগুলো জোয়ারের পানি ও ভাঙনের ঝুঁকি থেকে অনেকাংশে রক্ষা পাবে এবং মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত হবে।
