নিজস্ব প্রতিবেদক◾
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার নতুন যুব ও ক্রীড়া কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ এবং সেক্রেটারি হিসেবে জেলার অন্যতম সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) হাসপাতাল সড়কস্থ জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ কর্মপরিষদ বৈঠকে এ কমিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী।
সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী এবং কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুকসহ জেলা নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা নবগঠিত যুব ও ক্রীড়া কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার যুবসমাজের মধ্যে দেশপ্রেম, নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে। পাশাপাশি একটি আদর্শ, সুস্থ ও সচেতন যুবসমাজ গঠনে কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
