এম.এ.কে.রানা◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট ওলাঘোনা এলাকায় পানিতে ডুবে মো. রাকিব (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় বাড়ির পাশের একটি খাল থেকে তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত রাকিব দক্ষিণ রাজঘাট এলাকার বাসিন্দা নুর হোছাইন (নুনু) এর ছেলে। পরিবারের একমাত্র নয়নমণি রাকিবের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাকিব বাড়ির পাশেই খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও অনুসন্ধানে যোগ দেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি খালে শিশুটিকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এমন ঘোষণায় হাসপাতালে উপস্থিত স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
রাকিবের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
