অনলাইন ডেস্ক::
ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী আগামী অক্টোবরে ইউপি ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগস্টের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করা হবে। কারণ উপজেলা পরিষদের সদস্য কাঠামোর সঙ্গে ইউপি ও পৌরসভার জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা রয়েছে। তাই আগে এই দুটি নির্বাচন শেষ করেই উপজেলা নির্বাচন আয়োজন করা হবে।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আরও জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। ফলে ৩১ জুলাইয়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ১ অক্টোবর ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ধরে প্রস্তুতি চলছে। সে ক্ষেত্রে ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে, অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে ইউপি ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। কমিশনের লক্ষ্য, অক্টোবর থেকে আগামী মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা।
