Tuesday, 28 July, 2026

এম.এ.কে. রানা, মহেশখালী◾
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্যের নির্দেশনায় প্রশাসনকে সঙ্গে নিয়ে মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিনব্যাপী তারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে জলাবদ্ধতার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত বিভিন্ন সুইচগেইট, খাল ও পানি চলাচলের পথ সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে দেখা যায়, কয়েকটি স্থানে কৃত্রিমভাবে বাঁধ দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছিল না। এতে বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, বসতভিটা, রাস্তাঘাট ও কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের উপস্থিতিতে পানি চলাচলে বাধা হয়ে থাকা কয়েকটি বাঁধ অপসারণ ও কেটে দেওয়া হয়, যাতে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হয় এবং মানুষের দুর্ভোগ কমে আসে।

এ সময় বিএনপি নেতারা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবই তাদের প্রধান লক্ষ্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পানি চলাচল বন্ধ রেখে জনজীবন বিপর্যস্ত করা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতেও পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

স্থানীয় বাসিন্দারা পানি নিষ্কাশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকায় অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছিল। পানি চলাচলের পথ খুলে দেওয়ায় দ্রুত জলাবদ্ধতা কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার গোলাম কাদের, প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজবাহ উদ্দীন মজিদী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এম. নুরুন্নবী, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বারগণ, মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহের মিয়া, এএসআই ওয়াসিম মিয়া এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share.
Leave A Reply

Exit mobile version