Tuesday, 28 July, 2026

এম.এ.কে.রানা,মাতারবাড়ী, মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) পরিচালিত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের চুরির একটি চেষ্টা ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা, সাহসিকতা ও পেশাদারিত্বের কারণে চোরের দল মালামাল নিয়ে পালাতে পারেনি। ঘটনাস্থল থেকে প্রায় ১৩০ থেকে ১৫০ কেজি লোহাজাতীয় স্ক্র্যাব উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে প্রকল্পের অভ্যন্তরে ‘মগ ডেইল’ বাঁধ পোস্ট এলাকার মাঝামাঝি স্থানে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চোরের দল প্রকল্পের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রকল্পের বিভিন্ন স্থানে সংরক্ষিত লোহাজাতীয় স্ক্র্যাব ও অন্যান্য মূল্যবান মালামাল চুরির উদ্দেশ্যে এগিয়ে যায় এবং কিছু স্ক্র্যাব একত্র করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।

এ সময় দায়িত্ব পালনরত আনসার সদস্য মো. সাইফ উদ্দিন (বাহার) ও মো. আরিফুর রহমান সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা কোনো সময় নষ্ট না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরদের ধাওয়া করেন। আনসার সদস্যদের আকস্মিক উপস্থিতি ও সাহসী ধাওয়ার মুখে চোরের দল তাদের সঙ্গে থাকা প্রায় ১৩০ থেকে ১৫০ কেজি ওজনের লোহাজাতীয় স্ক্র্যাব ঘটনাস্থলেই ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরে আনসার সদস্যরা উদ্ধার হওয়া স্ক্র্যাব জব্দ করে প্রকল্পের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তাদেরও অবহিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিপিজিসিবিএল বিদ্যুৎ প্রকল্পটি দেশের বিদ্যুৎ খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশাল এলাকা জুড়ে নির্মিত এ প্রকল্পে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, ধাতব সামগ্রী ও শিল্প উপকরণ সংরক্ষিত থাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্রের নজর রয়েছে। তবে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার কারণে অধিকাংশ অপচেষ্টাই ব্যর্থ হচ্ছে।

সূত্র আরও জানায়, অতীতেও কয়েকবার প্রকল্পে চুরি ও ডাকাতির চেষ্টা হয়েছিল। প্রতিবারই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে প্রকল্পের মূল্যবান সম্পদ রক্ষা করেছেন। তাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয়দের মতে, দেশের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে জাতীয় সম্পদ সুরক্ষায় অবদান রেখে চলেছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি চোরচক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version