Friday, 31 July, 2026

এম.এ.কে.রানা, মহেশখালী◾
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর আইন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজারের মহেশখালীর কৃতী সন্তান ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরী। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে তাঁর এই মনোনয়নকে মহেশখালীর জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার বিটিআরসির ডেপুটি ডাইরেক্টর মাহবুবুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে আইন উপদেষ্টা হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিটিআরসি দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এমন একটি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে মহেশখালীর সন্তান ব্যারিস্টার মামুনের মনোনয়ন পাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

মহেশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরীর এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নতুন দায়িত্বে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।

স্থানীয়দের মতে, মহেশখালীর সন্তান হিসেবে ব্যারিস্টার মামুনের এই মনোনয়ন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো এলাকার জন্যও সম্মানের বিষয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সুযোগ তাঁর পেশাগত সক্ষমতার স্বীকৃতি বলেও মনে করছেন তারা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। এই দায়িত্ব পালনে মহেশখালীবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। সবার দোয়া ও ভালোবাসা আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

Share.
Leave A Reply

Exit mobile version