Sunday, 13 September, 2026

এম.এ.কে.রানা◾
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদীয় আসনের জনগণের জীবনমান উন্নয়ন, দ্বীপাঞ্চলের আধুনিকায়ন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রস্তাবিত ২৪টি উন্নয়ন প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের প্রস্তাবিত এসব প্রকল্পের মধ্যে রয়েছে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ।এর মধ্যে মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণ এবং কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এ সময় মহেশখালী-কুতুবদিয়ার দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও উন্নয়ন প্রত্যাশার বিষয় তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পগুলো দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে মহেশখালী ও কুতুবদিয়ার যোগাযোগব্যবস্থা, অবকাঠামো, জননিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণ, মহেশখালী ও কুতুবদিয়ার টেকসই বেড়িবাঁধ বাস্তবায়ন হলে দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত ৯ আগস্ট প্রধানমন্ত্রীর মহেশখালীর মাতারবাড়ী সফর শেষে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্যকে দুই উপজেলার জনগণের দাবিসমূহ সম্বলিত উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় ২৪টি প্রকল্পের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত প্রকল্পগুলো দ্রুত যাচাই-বাছাই ও অনুমোদনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে মহেশখালী ও কুতুবদিয়ার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version