Friday, 11 September, 2026



‎পেকুয়া প্রতিনিধি◾
‎কক্সবাজারের পেকুয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধাসহ তিনজন আহত হয়েছেন।


‎রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বকসু চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


‎আহতরা হলেন,ওই এলাকার মৃত আহমদ মিয়া চৌধুরীর মেয়ে শাহেদা খানম নাসরিন (৬৪), মৃত আনোয়ার আজিম চৌধুরীর ছেলে জামাল উদ্দিন (৫৫) ও মো. এনাম (৩২)।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শাহেদা খানম নাসরিনের মালিকানাধীন জমিতে কামলা দিয়ে চাষাবাদ করার সময় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রশিদ আহমদ প্রকাশ ভেট্টার নেতৃত্বে জালিয়াখালী এলাকার ফজু মিয়া ও তাঁর ছেলে মো. জাহেদসহ ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে শাহেদা খানম নাসরিনসহ তিনজন আহত হন।
‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শাহেদা খানম নাসরিন ও মো. এনামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

‎আহত বৃদ্ধা শাহেদা খানম নাসরিন বলেন, “আমাদের মালিকানাধীন পৈতৃক ও দখলীয় জমিতে চাষাবাদ করতে গেলে অবৈধভাবে দখলচ্যুত করার উদ্দেশ্যে রশিদ আহমদ ভেট্টা ও ফজু মিয়া স্থানীয় কিছু অসাধু ব্যক্তিকে দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে আমার হাতের হাড় ভেঙে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের কাছে আইনি সহায়তা কামনা করছি।”

‎তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন রশিদ আহমদ প্রকাশ ভেট্টা। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের দখলীয় জমিতে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক এসে জবরদখল করে চাষাবাদের চেষ্টা চালিয়ে আসছে। জমির অন্যান্য অংশীদাররা এতে বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। ঘটনাটি সকাল সাড়ে ৭টার দিকে ঘটলেও ওই সময় আমি পেকুয়া মিয়াপাড়ার বাসায় ছিলাম। পরে ঘটনার কথা শুনে খোঁজখবর নিতে সকাল ৯টার দিকে সবার সঙ্গে কথা বলি। পরে জানতে পারি, আমাকে জড়িয়ে মিথ্যা অভিযোগে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমি নিরীহ একজন মানুষ। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

‎এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share.
Leave A Reply

Exit mobile version