মহেশখালী প্রতিনিধি◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়ার দিঘিরপাড় এলাকার আবদুল গফুর প্রকাশ আবু তালেবের বিরুদ্ধে একই ইউনিয়নের লাইল্যাঘোনা এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক, ব্ল্যাকমেইল, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চট্টগ্রামের পতেঙ্গা থানাসংশ্লিষ্ট একটি মামলা বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়েছে, মাতারবাড়ীর লাইল্যাঘোনা এলাকার প্রবাসীর স্ত্রীর সঙ্গে আবু তালেবের দীর্ঘ প্রায় ১০ বছর ধরে সম্পর্ক ছিল। একপর্যায়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরবর্তী সময়ে ওই নারী তাঁর প্রবাসী স্বামীকে তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ওই নারী ও আবু তালেব বিয়ে করে চট্টগ্রামে অবস্থান করছেন বলেও অভিযোগ রয়েছে।
প্রাপ্ত মামলার তথ্যানুযায়ী, চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সি.আর. মামলা নং ১৭৮/২০২৬ (পতেঙ্গা থানা) নম্বরে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি।
মামলার নথিতে ঘটনার তারিখ হিসেবে ১২ মে ২০২৬, মঙ্গলবার উল্লেখ রয়েছে। সময় সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১৯ মিনিটের মধ্যবর্তী সময়। ঘটনাস্থল হিসেবে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট, বিমানবন্দর এলাকার উপকূল রেস্টুরেন্টের উত্তর পাশের কথা উল্লেখ করা হয়েছে।মামলায় দণ্ডবিধির ৩৭৯, ৪০৬, ৪২০, ৪৯৪, ৪৯৮, ৪৯৭, ৫০৬(২) ও ৩৪ ধারার উল্লেখ রয়েছে।
এদিকে, অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগে চট্টগ্রামে পুলিশ আবু তালেবকে গ্রেপ্তার করেছে।
একজন প্রবাসীর পারিবারিক জীবনে ভাঙন, ব্ল্যাকমেইল ও প্রতারণার মতো গুরুতর অভিযোগের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

