এম.এ.কে.রানা::
মহেশখালীর মাতারবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাতারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ও রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম. আবু হায়দার। তিনি খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে। নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ২-০ গোলে মাতারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। এই টুর্নামেন্ট স্থানীয় শিক্ষার্থীদের ক্রীড়া বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


