নিজস্ব প্রতিবেদক::
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় প্রকাশ্যে মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বাজার এলাকার বিভিন্ন স্থানে টহল জোরদার করার সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি দেলোয়ার নামে পরিচিত এবং তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ করে কয়েকজন যুবক মিছিলের চেষ্টা করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে দেলোয়ারকে আটক করে। তবে এ সময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।
মাতারবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) মোজাহের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিল করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক দেলোয়ারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

