নিজস্ব প্রতিবেদক◾
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল এলাকায় গৃহবধূ কহিনুরকে পরিকল্পিত হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে কহিনুরকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ননদের স্বামী হাসেমকে রক্ষা করতে এলাকায় প্রভাবশালী ও বিভিন্ন হত্যা মামলাসহ একাধিক মামলার কয়েকজন আসামি নানামুখী তদবির চালাচ্ছে। একই সঙ্গে ঘটনাটি ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।
নিহত কহিনুরের পরিবারের দাবি, এটি কোনো আত্মহত্যার ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, এ ঘটনায় হাসেমের পাশাপাশি দুই নারীসহ আরও কয়েকজন ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছেন। এসব ব্যক্তির বিরুদ্ধেও তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তাদের ভাষ্য, প্রভাবশালী একটি মহল বিভিন্নভাবে মামলার গতিপথ প্রভাবিত করার চেষ্টা করছে, যা ন্যায়বিচারের পথে অন্তরায় হতে পারে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে চাঞ্চল্যকর এ ঘটনাকে কেন্দ্র করে পুরো মগডেইল এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

