মহেশখালী প্রতিনিধি◾
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক নারীকে ভয়ভীতি প্রদর্শন, অশ্লীল ছবি ধারণ ও সেসব ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের শিকদারপাড়ার আবদুল গফুর ওরফে আবু তালেব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাপ্ত অভিযোগের বিবরণ অনুযায়ী, চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত এক নারীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও সম্পর্কের সূত্র ধরে এ ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে বলা হয়েছে, ওই নারীকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়াতে বাধ্য করা হয় এবং পরবর্তী সময়ে তাঁর আপত্তিকর ছবি ধারণ করে সেগুলো ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা করেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়টি অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত আরেক নারীর নজরে আসার পর তিনি তাঁকে পুলিশের কাছে সোপর্দ করার উদ্যোগ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে চান্দগাঁও থানা পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

