নিজস্ব প্রতিবেদক:::
মাতারবাড়ীতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রবাসী তুষার ইমরান প্রদত্ত তিন দলীয় সিরিজ টুর্নামেন্টের ফাইনাল খেলা। শনিবার (১০ জানুয়ারি) মগডেইল বাজারস্থ বিল পাড়া স্টেডিয়ামে নবজাগরণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক হামেদ হোছাইন খোকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজাগরণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনছারুল করিম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মাতারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নাজেম উদ্দিন।

ফাইনাল ম্যাচে নবজাগরণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অন্তর্ভুক্ত লাল দল ও সবুজ দল মুখোমুখি হয়। দর্শকদের উপস্থিতিতে টানটান উত্তেজনাপূর্ণ ও মনোমুগ্ধকর খেলায় সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় লাল দল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য লাল দলের খেলোয়াড় মো. ইউসুফ ‘ম্যান অব দ্য সিরিজ’ নির্বাচিত হন।

এদিকে প্রবাসী তুষার ইমরান মোবাইল ফোনে দেওয়া এক বক্তব্যে বলেন, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এই আয়োজন। ভবিষ্যতেও এমন উদ্যোগের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। টুর্নামেন্টটি সুন্দর ভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।



1 Comment
Good