নিজস্ব প্রতিবেদক◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া এলাকা থেকে সালাহউদ্দিন সুজন নামে একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সালাহউদ্দিন সুজন দীর্ঘদিন ধরে একটি হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ভুক্তভোগীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। একপর্যায়ে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত ভুক্তভোগী পরবর্তীতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ মামলাটি তদন্ত শেষে সালাহউদ্দিন সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও সালাহউদ্দিন সুজনকে প্রায় ১ হাজার পিস ইয়াবাসহ মাতারবাড়ী এলাকা থেকে আটক করেছিল পুলিশ। এছাড়া ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তার নেতৃত্বে বর্তমান সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের ওপর অর্তকিত হামলা চালানোর অভিযোগও রয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোজাহের মিয়া বলেন, সালাহউদ্দিন সুজন একটি হত্যা চেষ্টা মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

