এম.এ.কে.রানা,মহেশখালী◾
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার সময় আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা। দায়িত্ব পালনকালে সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে চুরি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ বিএন)-এর সদস্য সিপাহি মো. সোহাগ হোসেন।
রোববার (২৩ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন গেটে দায়িত্ব পালন করছিলেন সিপাহি মো. সোহাগ হোসেন। এ সময় কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি তার নজরে আসে। তাদের কাছে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল দেখতে পেয়ে তিনি বিষয়টি সন্দেহ করেন এবং তাদের গতিরোধের চেষ্টা করেন।
এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা আনসার সদস্য সোহাগ হোসেনকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও তিনি দায়িত্ব থেকে পিছিয়ে না গিয়ে সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান। আনসার সদস্যের দৃঢ় অবস্থান ও তাৎক্ষণিক পদক্ষেপের কারণে শেষ পর্যন্ত সন্দেহভাজনরা ঘটনাস্থলে বৈদ্যুতিক মালামাল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে আনুমানিক ২৫০ কেজি তামার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। উদ্ধার করা তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র তাপবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক মালামাল চুরি করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে দায়িত্বে থাকা আনসার সদস্যের সতর্কতা ও সাহসিকতার কারণে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প হওয়ায় এর নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি-সরঞ্জাম রক্ষায় সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় সিপাহি মো. সোহাগ হোসেনের তাৎক্ষণিক পদক্ষেপ ও কর্তব্যনিষ্ঠা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্বশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এদিকে উদ্ধার করা তামার তারের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

