নিজস্ব প্রতিবেদক::
মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ রাজঘাট থেকে উত্তর রাজঘাট পর্যন্ত কোহেলিয়া নদীর বেড়িবাঁধ সংলগ্ন সরো সড়কের বেহাল অবস্থা জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুল সংখ্যক মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সরো সড়কটির কোথাও বড় বড় গর্ত, কোথাও ভাঙাচোরা অংশ পুরো রাস্তাজুড়েই বিরাজ করছে চরম দুরবস্থা। যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের হাঁটাচলাই কষ্টসাধ্য হয়ে উঠেছে।
বিশেষ করে অসুস্থ রোগী বহন, জরুরি সেবা নিশ্চিত করা কিংবা লাশের খাটিয়া নিয়ে চলাচল করতে গিয়ে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ বলেন, “এই রাস্তাটা দিয়ে চলাচল করা এখন খুবই কষ্টকর হয়ে গেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাফেরা করতে হয়। অসুস্থ রোগী বা কোনো জরুরি পরিস্থিতিতে পড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।”
স্থানীয়দের দাবি, জনপ্রতিনিধিদের দীর্ঘদিনের অবহেলার কারণেই এই সড়কের এমন করুণ দশা। বারবার দাবি জানানোর পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
অবিলম্বে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

