এম.এ.কে.রানা::
“সেবাই ধর্ম, সেবাই আদর্শ” এই স্লোগানকে ধারণ করে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল আবছারের প্রতিষ্ঠিত মাতারবাড়ী সমাজসেবা পরিষদ এর গৌরব ও সফলতার ১০ বছর পূর্তি উপলক্ষে ৬ষ্ঠ তম বাৎসরিক মিলনমেলা, সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে মাতারবাড়ী কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ সাদ্দাম হোসাইনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি রবিউল হাসান ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৈয়বের যৌথ সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে স্থানীয় কোরআন হাফেজদের অংশগ্রহণে খতমে কোরআনের আয়োজন করা হয়। পরবর্তীতে সংগঠনের সদস্য আলমাসের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এ সময় একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা সংগঠনের দীর্ঘ ১০ বছরের গৌরবময় যাত্রা ও সামাজিক সেবামূলক কার্যক্রম তুলে ধরে বলেন, মাতারবাড়ী সমাজসেবা পরিষদ একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ সেবামূলক সংগঠন হিসেবে এলাকার গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তৃতীয় অধিবেশনে রাত ১০টায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মুহাম্মদ সাদ্দাম হোসাইনকে সভাপতি এবং প্রতিষ্ঠাকালীন সদস্য আশেকুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কাউন্সিল শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজবাহ উদ্দীন মজিদী, মাতারবাড়ী সমাজসেবা পরিষদের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি নুরুল আবছার, উপদেষ্টা আনছারুল করিম, ওয়লিদ চৌধুরী ও ফারুক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রুহুল কাদের হৃদয়, রুহুল কাদের বাবুল, আশেকুর রহমান, আশেক সুরুজ, মোবারক হোছাইন রাহাত, মোঃ আবদুল্লাহ, মোঃ মজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত মাতারবাড়ী সমাজসেবা পরিষদ গত ১০ বছর ধরে ইউনিয়নে ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তদান কর্মসূচি, অসহায় ও অসুস্থ পরিবারের আর্থিক সহায়তা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, সামাজিক সচেতনতা কার্যক্রম, নিশি বিদ্যালয় পরিচালনা, রাস্তা সংস্কার ও উন্নয়ন, আন্তঃমাতারবাড়ী ফুটবল টুর্নামেন্ট, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, কর্ণচ্ছেদন ও ফ্রি মুসলিম খৎনা ক্যাম্পসহ নানা সেবামূলক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।

